১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

এ ছাড়া চারটি ম্যাগাজিন ও ১৭টি গুলি পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি কবরস্থান থেকে গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।

সোমবার ভোররাতে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ এসব পাওয়া যায় বলে জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি ৭ দশমিক ৬৫ এমএম এবং অপরটি ৯ এমএম সাইজের পিস্তল। এ ছাড়া চারটি ম্যাগাজিন ও ১৭টি গুলি পাওয়া গেছে।

এদিন বেলা সাড়ে ৩টার সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণ-অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনী ও কারাগারসহ বিভিন্ন সংস্থার লুট হওয়া অস্ত্র উদ্ধারে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, গোপন খবর পেয়ে ভোররাতে গোয়েন্দা পুলিশে একটি দল অভিযান চালিয়ে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি খাকি ও সাদা দুটি শপিং ব্যাগ উদ্ধার করে। এরপর ব্যাগ দুটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল এবং তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।