ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
“ভারি বৃষ্টি কারণে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরাতে কিছুটা সময় লেগে যায়। ফলে এ যানজটের সৃষ্টি হয়।”
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২২ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা।
শুক্রবার ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ নান্নু খান জানান।
ওসি বলেন, “কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়৷ এমনিতেই সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে।
“এর ওপর ভারি বৃষ্টির কারণে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরাতে কিছুটা সময় লেগে যায়। ফলে ২২ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।”
যানজট নিরসনে কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
