প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
নড়াইলে ফেইসবুকে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে যুবককে আটক করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেইসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
রোববার লোহাগড়া উপজেলা পরিষদের ফটকের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান।
আটক রবিউল ইসলাম (২৭) উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
পুলিশ জানায়, রবিউল তার ফেইসবুকে আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
ওসি আব্দুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউল ইসলাম নামে একজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন।”
তিনি বলেন, ফেইসবুকে করা মন্তব্যের বিষয়টি যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অন্যান্য বিষয়ও খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
