Published : 20 Apr 2026, 10:11 PM
হামের টিকা নিয়ে সরকার কোনও ধরনের ‘ব্লেইম গেমে’ খেলতে চায় না বলে সাফ জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেছেন, “সরকার কোনও ধরনের ‘ব্লেইম গেমে’ যাবে না। বরং উপজেলা ও জেলা পর্যায়ে এমআর ভ্যাকসিন ও ভিটামিন-এ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
“আমরা এটা বলব না, বিগত সরকারের ব্যর্থতা। এ ‘ব্লেইম গেম’ আমরা খেলতে চাই না। আমরা আমাদের শিশুদের রক্ষা করার জন্য জাতীয়ভাবে অঙ্গীকারবদ্ধ। সরকার শিশুদের সুরক্ষায় কোনও কমতি করবে না।”
সোমবার পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হাম নিয়ে জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, দেশের প্রায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের মধ্যে হাম ছড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে রয়েছে ৮১ শতাংশ পাঁচ বছরের শিশু এবং ৩৪ শতাংশ নয় মাস বয়সী।
প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত টিকাদানে ফাঁক থাকলে রোগ আরও ছড়িয়ে পড়তে পারে। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের প্রায় ৫৬টি জেলায় হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে সরকার দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে।

অভিভাবকদের উদ্দেশে ফরহাদ বলেন, শিশুর শরীরে র্যাশ, বমি বা চোখ লাল হওয়া হামের সাধারণ উপসর্গ। এসব লক্ষণ দেখা দিলে গ্রামীণ চিকিৎসকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, পঞ্চগড়ে ক্যাম্পেইনে মোট এক লাখ ৩৬ হাজার ৫২৭ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে আরও টিকা সরবরাহ করা হবে। পঞ্চগড়ে হামের রোগী না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে এ কর্মসূচি শুরু করা হয়েছে।
শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ জীবন নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।