১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

“মাছ শিকার শেষে ফেরার সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসতে হয়। এ কারণে প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।”

জসিম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 02:40 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার বেলা ১১টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, আগের রাত ১০টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া নামক অংশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন তিনি।  

ওই জেলেরা হলেন- শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমীর আব্বাস ও আবুল হোসন। বাকি একজনের পরিচয় জানা জায়নি।  

তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির মালিকানাধীন নৌকায় করে মাছ শিকার শেষে উপকূলে ফিরছলেন।

প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান বলেন, “মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। এ সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। তখন নৌকা নিয়ে দ্রুত সরে গিয়ে নিরাপদে ঘাটে ফিরে আসি।”

তিনি বলেন, “মাছ শিকার শেষে ফেরার সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসতে হয়। এ কারণে প্রায়ই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।”

শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, “জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর নৌকাটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবি এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

ইউএনও ইমামুল হাফিজ নাদিম বলছেন, “পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এবং কোস্টগার্ড কর্তৃপক্ষকে অবহিত করেছি।

“তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এলাকায় অবস্থানরত মাঝি ও জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলেও হাফিজ জানিয়েছেন।  

এদিকে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময় আরাকান আর্মি ধরে নিয়ে ৭৩ জেলেকে দীর্ঘ আলোচনা ও সমন্বয়ের পর গত সোমবার দেশে ফিরিয়ে আনে আইন-শৃঙ্খলাবাহিনী।

আরাকান আর্মির কাছে 'জিম্মি৭৩ জেলে ফিরল