জুলাই আন্দোলনে হামলা: দীপু মনি, মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর চাঁদপুরে হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম কোনো মামলার অভিযোগপত্র দিল পুলিশ।
চব্বিশের জুলাই আন্দোলনে চাঁদপুরে ছাত্র-জনতার মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
অভিযোগপত্রে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অভিযোগপত্র দাখিলের তথ্য দিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।
জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর চাঁদপুরে হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম কোনো মামলার অভিযোগপত্র দাখিল করল পুলিশ।
অভিযোগপত্রে নাম আসা আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।
মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন এসআই মো. নুরুল আলম বলেন, ১৪ জুন আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে নির্ধারিত তারিখে আদালত তা গ্রহণ করবে। বর্তমানে তিনি নোয়াখালী জেলায় বদলি হয়েছেন।
তিনি বলেন, “মামলার এজাহারে ৩৫০ জনের নাম ছিল। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আসামি ছিলেন আরও ২৫০ জন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই ৫২ জনের, পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি ১৩ জন, সন্দেহভাজন আসামি থেকে বাদ পড়েছেন ১০ জন এবং এজাহারে একাধিকবার নাম আসাদের মধ্যে বাদ গেছেন ২০ জন।
“এ ছাড়া আসামিদের মধ্যে মৃত্যুবরণ করেছেন তিনজন। তদন্তে যাচাই-বাছাই শেষে ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।”
আদালত পুলিশ পরিদর্শকের কার্যালয় থেকে জানা গেছে, আসামিদের নাম ও পরিচয় যাচাই এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযোগপত্র প্রস্তুত করা হয়। মামলার নিয়মিত শুনানির তারিখ ২৩ অগাস্ট। পরবর্তী কার্যক্রম আদালতের মাধ্যমে চলবে।
২০২৪ সালের ২৭ অগাস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত আব্দুল জলিল পাটওয়ারীর ছেলে মোক্তার আহমেদ পাটওয়ারী।
