গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশের ধারণা, ‘আত্মহত্যা’
পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক নারীর সঙ্গে স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল।
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে; যিনি দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
মঙ্গলবার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোল্যা আফজাল হোসেন জানান।
নিহত ৩০ বছর বয়সী সানজিদা বেগম ওই গ্রামের ইমরান শেখের (৪০) স্ত্রী এবং উপজেলার রাতইল গ্রামের কালাম মোল্যার মেয়ে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সানজিদা ও ইমরানের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সোমবার গভীর রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা তাকে খুঁজতে প্রতিবেশীদের বাড়িতে যান। খোঁজ না পেয়ে তিনি নিজ বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে সানজিদাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি ঘটনাটি অন্যান্য প্রতিবেশীদের জানালে তারা থানায় খবর দেয়।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক নারীর সঙ্গে স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।
ইন্সপেক্টর মোল্যা আফজাল বলছেন, “দাম্পত্য কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় নিহতের স্বামী ইমরান শেখকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
