ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুত্রবধূর হাতে’ শাশুড়ি খুন
ঝগড়ার এক পর্যায়ে লিলি হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, বলছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে।
রোববার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান জানিয়েছেন।
নিহত ৬০ বছর বয়সী পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী।
এ ঘটনায় তার পুত্রবধূ লিলি আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ।
ওসি হাসান জামিল বলেন, “পারুল ও ওয়াহিদ মিয়া দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তাদের সঙ্গে পুত্রবধূ লিলিও থাকেন। লিলির তিন সন্তান রয়েছে। শাশুড়ির সঙ্গে তার পারিবারিক কলহ লেগেই থাকতো এবং প্রায়ই বাকবিতণ্ডা হতো।
“রোববার সকালে ওয়াহিদ মিয়া চিকিৎসার জন্য কুমিল্লায় যান। সন্ধ্যায় শাশুড়ির সঙ্গে লিলির ঝগড়া বাধে। এক পর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে এবং মাথা ও মুখে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করে।”
এতে ঘটনাস্থলেই পারুল বেগম মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক তদন্ত শুরু করে। এক পর্যায়ে লিলিকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মুখে সে হত্যার ঘটনা স্বীকার করে।”
এ ঘটনায় আইনাগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
