১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ দ্বিতীয় দিনে

“কলেজের নানা সমস্যার দায় সরকারের। এই ব্যর্থতার দায়ভার কোনোমতেই শিক্ষক-শিক্ষার্থীদের নয়।“

নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ দ্বিতীয় দিনে
নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল শেষে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 07:05 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয়রা। 

মঙ্গলবার দুপুরে ‘নেত্রকোণার সর্বস্তরের জনগণের’ ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়েছে।

এর আগে মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নেত্রকোণা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী বলেন, “নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তা নেত্রকোণাবাসী মেনে নেবে না৷ এই কলেজের সাথে নেত্রকোণাবাসীর স্বাস্থ্যসেবা জড়িত।”

কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সন্দেহাতীতভাবে মানসম্পন্ন দাবি করে তিনি বলেন, “কলেজের নানা সমস্যার দায় সরকারের। এই ব্যর্থতার দায়ভার কোনোমতেই শিক্ষক-শিক্ষার্থীদের নয়।“

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু বলেন, “ভালমানের স্বাস্থ্য সেবা পাওয়া নেত্রকোণার সাধারণ মানুষের মৌলিক অধিকার। আর এই স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল কলেজ সম্পর্কিত। তাই নেত্রকোণাবাসী মেডিকেল কলেজ বন্ধ মেনে নেবে না।” 

প্রয়োজনে কঠোর আন্দোলন করে কলেজ বন্ধের ষড়যন্ত্র রুখে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

নেত্রকোণা সদর হাসপাতালের চিকিৎসক ও কলেজের শিক্ষক মাজহারুল আমিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী।

সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন নেত্রকোণা মেডিকেল কলেজসহ ছয়টি মেডিকেল কলেজ নিয়ে গণমাধ্যমে বলেছেন, “আমাদের দেশের চাহিদা  কোথায়,  কোথায় মেডিকেল কলেজ স্থাপন করা দরকার, কোথায় হাসপাতাল স্থাপন করা দরকার- এটার যে একটা মহাপরিকল্পনা করে এগিয়ে যাওয়া দরকার এটি অনেক ক্ষেত্রেই করা হয়নি। এই বাস্তব পরিস্থিতির আলোকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্যার সমাধান করার জন্য।”

এসব মেডিকেল বন্ধ করা নিয়ে তিনি বলেন, “বন্ধ করার বিষয়টা আসলে সবকিছুর শেষে। কোনো কিছুই যদি কার্যকর না হয় সেই ক্ষেত্রে।”

এর পরই মেডিকেল কলেজ বন্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন নেত্রকোণা জেলার বাসিন্দারা। 

আরও পড়ুন

নেত্রকোণা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদের বিক্ষোভ