সিলেটে শাড়ি-প্রসাধনীসহ আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির দুই দিনের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় দুই দিনের অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
তিনি বলেন, শনিবার ও রোববার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিত চলছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, চোরাচালান ও মাদক পাচার বন্ধে ভবিষ্যতেও অভিযান চলবে। জব্দ করা পণ্যের বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
