নারায়ণগঞ্জে নসিমন খাদে পড়ে প্রাণ গেল মাছ বিক্রেতার
মাছ কেনার জন্য দুই ছেলেকে নিয়ে নসিমন ভাড়া করে রূপগঞ্জ উপজেলার ভুলতার দিকে যাচ্ছিলেন আলী আকবর।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইঞ্জিনচালিত তিন চাকার যান নসিমন খাদে পড়ে বৃদ্ধ এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার গহরদী এলাকায় উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।
নিহত আলী আকবর (৬৫) উপজেলার উচিৎপুরা গ্রামের প্রয়াত ইসমাইলের ছেলে। তিনি পেশায় মাছ বিক্রেতা।
স্থানীয়রদর বরাতে ওসি নাসির বলেন, ভোরে মাছ কেনার জন্য দুই ছেলেকে নিয়ে নসিমন ভাড়া করে রূপগঞ্জ উপজেলার ভুলতার দিকে যাচ্ছিলেন আলী আকবর। পথে গহরদী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনসহ সবাই সড়কের পাশে খাদে পড়ে যান।
“এসময় নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আলী আকবর। উদ্ধার করে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।“
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন দাস বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে গুরুতর কোনো আঘাত নেই। তিনি নসিমনের নিচে চাপা পড়ায় প্রাণ হারিয়েছেন।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন।
