১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে বিদ্যালয় ভবন তৈরিতে রডের বদলে বাঁশের চটা

দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে এ ধরনের গুরুতর অনিয়মে যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, বলেছে দুদক।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2025, 11:42 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের বাঘারপাড়া উপজেলার খলশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে রড কম দিয়ে বাঁশের চটা ব্যবহার করা হচ্ছে, যার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের একটি দল সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে বাঁশের চটা জব্দ করেছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ পরিচালক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা খলশি সরকার প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পান। এর মধ্যে রড কম দিয়ে বাঁশের চটা ব্যবহারের অভিযোগও ছিল।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে এদিন সকাল সাড়ে ১০টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. আল আমীনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নির্মাণাধীন ওই ভবনে অভিযান চালায়। তারা একজন বিশেষজ্ঞকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। দুদকের দলটি রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহারের সত্যতা পান। এছাড়া ভবন নির্মাণে আরও অনিয়ম ধরা পড়ে তাদের অভিযানে। 

দুদক কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সেখানে এসেছিলেন। দুদক দলের সদস্যরা তাদের বক্তব্য শুনেছেন। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে এ ধরনের গুরুতর অনিয়মে যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এ নিয়ে দুদক কাজ করে যাচ্ছে।

স্থানীয় লোকজন বলেছেন, শুধু রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহারই নয়, দরপত্র অনুযায়ী তাক বানানোর ক্ষেত্রে লোহার পাত ব্যবহার করা হচ্ছে না। ব্যবহার করলও কম পাত দেওয়া হচ্ছে। 

তারা বলেন, দুদক কার্যালয়ে স্থানীয় লোকজনের অভিযোগ করার বিষয়টিও টের পেয়ে ঠিকাদারের লোকজন তড়িঘড়ি করে বাঁশের চটা প্রধান শিক্ষকের কক্ষে রেখে দেন। দুদক কর্মকর্তারা সেখান থেকেই বাঁশের চটাগুলো জব্দ করেছেন।