১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাত

“আমি ছাত্রলীগ করতাম তা ঠিক, কিন্তু কারও সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল না।”

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:19 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে বলে প্রক্টর মাসুদ রানা জানান।

আহত ছাত্রলীগ কর্মীর নাম জামিউল ইসলাম হিমেল (২৪)। তিনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী ছিলেন বলে জানা গেছে।

ছাত্রলীগ কর্মী জামিউল জানান, তিনি হল থেকে খাবার খেতে ক্যাম্পাস গেটে যান। এ সময় একজন ছেলে এসে তাকে ফরিদা টাওয়ারের দিকে ডেকে নিয়ে যান। এরপর ওই ছেলের সঙ্গে আরও তিনজন ছেলে যোগ দেয়। পরে সেখানে তার হাতে এবং পায়ে ছুরিকাঘাত করে তারা।

তিনি বলেন, “ঘটনার পর সহপাঠীরা প্রথমে আমাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করায়। পরে সেখানে সেখানে চিকিৎসকদের পরামর্শে আমাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।”

ওই ছাত্রলীগ কর্মী আরও বলেন, “আমি ছাত্রলীগ করতাম তা ঠিক, কিন্তু কারও সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল না। এরপরও কেন আমাকে ছুরিকাঘাত করলো বলতে পারছি না।”

প্রক্টর মাসুদ রানা বলেন, “খবর পেয়েই আমি ওই শিক্ষার্থীকে দেখতে যাই। ওকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়, পরে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগ করলে এই ঘটনার সাথে কারা জড়িত ছিল আমরা খুঁজে বের করতে চেষ্টা করবো।”

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।