Published : 10 Jul 2026, 01:39 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুদিন আগে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে উহাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামে একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৩৫ বছর বয়সী মো. সবুজ শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তরপাড়ার রহিম সরকারের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী মিতু খাতুন বলছেন, “বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি।
“পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ সনাক্ত করি।”
ওসি সাইফুল ইসলাম বলছেন, “নিহত সবুজের শরীর ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। সে চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ছয়টি মামলা রয়েছে।”
তিনি বলেন, “তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”