১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী-সন্তানের মৃত্যুতে হত্যা মামলা শ্বশুরের

শনিবার রাত ১২টার দিকে সাবেকডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে  পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 08:54 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

কারাবন্দি বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। 

শনিবার রাতে সাদ্দামের শ্বশুর রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন বলে জানিয়েছেন বাগেরহাট মডেল সদর থানার ওসি মো. মাসুম খান। 

জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। তিনি ২০২৪ সালের ৫ অগাস্টের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে যশোর জেলা কারাগারে আছেন।

শুক্রবার বিকালে উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালী (২২) এবং তাদের নয় মাস বয়সী ছেলে নাজিফের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করেছেন।

তবে স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের খবর পেলেও কারাগার থেকে মুক্তি পাননি সাদ্দাম। 

এ অবস্থায় শনিবার সন্ধ্যায় সাদ্দামের সন্তান ও স্ত্রীর লাশ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মত ছুয়ে দেখেন তিনি। এরপর আবার তাকে কারাগারে পাঠানো হয় বলে জেলার আবিদ আহম্মেদ জানান।

পরে শনিবার রাত ১২টার দিকে সাবেকডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে  পাশাপাশি দাফন করা হয় মা-ছেলেকে।

এদিকে  স্ত্রী-সন্তানের জানাজায় আসতে সাদ্দামকে ‘প্যারোলে মুক্তি না দেওয়ায়’ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়। 

হত্যা মামলার বিষয়ে বাগেরহাট মডেল সদর থানার ওসি মো. মাসুম খান  বলেন, “এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

আগের সংবাদ

সাদ্দামকে কারাফটকে স্ত্রী সন্তানের লাশ দেখানো নিয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা

কারাফটকে শেষবার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগের সাদ্দাম

বাগেরহাটে কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার