Published : 23 Jan 2026, 07:42 PM
বাগেরহাটে কারাবন্দি এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, শুক্রবার বিকেলে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ২২ বছর বয়সী সুবর্ণা স্বর্ণালী এবং তাদের নয় মাস বয়সী ছেলে নাজিফ।
সুবর্ণার স্বামী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। তিনি ২০২৪ সালের ৫ অগাস্টের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আছেন।
পুলিশ জানায়, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করেছেন।
ওসি মাসুম খান বলেন, “এই মৃত্যু নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে। অনুসন্ধানের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।”
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।