১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আশেক মাহমুদ কলেজের হলের গ্রিলে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ

হল সুপার আব্দুল্লাহ আল জাবেদ বলেন, “যে ছেলেটির লাশ উদ্ধার করা হয়েছে সে আমাদের হলের বা কলেজের কেউ না।”

আশেক মাহমুদ কলেজের হলের গ্রিলে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ
সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমেদ হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 05:32 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১টার দিকে কলেজের পানাউল্লাহ আহমেদ হলের পেছন দিকের গ্রিলে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব। 

আনুমানিক ২৭ বছর বয়সি যুবকের পরনে ছিল শার্ট ও জিন্সের প্যান্ট। ওই যুবক সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

কলেজের শিক্ষার্থী সজীব বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে বাথরুমে যাওয়ার সময় দুই ভবনের মাঝে ফাঁকা অংশের গ্রিলে একজনকে ঝুলে থাকতে দেখি। পরে সবাইকে ডাক দেই।” 

পানাউল্লাহ আহমেদ হলের হল সুপার আব্দুল্লাহ আল জাবেদ বলেন, “যে ছেলেটির লাশ উদ্ধার করা হয়েছে সে আমাদের হলের বা কলেজের কেউ না। কিভাবে কী হলো তা পুলিশ তদন্ত করে বের করবে।”

ওসি নাজমুস সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পিবিআইকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।