পঞ্চগড়ে হিমশীতল বাতাসে জেঁকে বসেছে শীত, দেখা নেই সূর্যের
সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেঁকে বসেছে শীত। কমেছে দিনের তাপমাত্রাও। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে এ জেলার অবস্থান হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমশীতল বাতাস ঠান্ডকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। আগেরদিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সোমবার দিনভর সূর্যের মুখ দেখা মেলেনি। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় কুয়াশার দাপট। বৃষ্টির মত ঝরেছে কুয়াশা। বিশেষ করে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। সকালে কাজে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষজন। গ্রামীণ জনপদের বাসিন্দারা গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
অপরদিকে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।
পঞ্চগড় শহরের ধাক্কামাড়া এলাকার অটোরিকশা চালক নজরুল ইসলাম বলেন, “চার দিন ধরে আবারও শীত বেড়েছে। দিনেও অনেক কুয়াশা থাকে। ঠান্ডার জন্য কেউ গাড়িতে ওঠে না। আমাদের আয় কমে গেছে। সারাদিন ২০০ থেকে ৩০০ টাকাও আয় হয় না।”
বোদা উপজেলার নয়াদিঘী এলাকার কৃষক নুর নবী বলেন, কয়েক দিন ধরে ঠান্ডার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। কনকনে হিম বাতাস অনুভব হচ্ছে। এতে কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছে।
বোদা পৌর শহরের কলেজপাড়া এলাকার ভ্যানচালক জয়নুল বলেন, “আজকে কুয়াশা অনেকটাই কম। তবে ঠান্ডা বাতাস খুবই বেশি। এর কারণে গাড়ি চালাতেও অনেক কষ্ট হচ্ছে। তবে ঠান্ডার কারণে যাত্রীও বাড়ি থেকে বের হচ্ছেন না।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক জাহিদ হাসান বলেন, ঠান্ডার কারণে শীতজনিত রোগীর সংখ্যা হাসপাতালে দিন দিন বেড়ে যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
ঠান্ডা বেড়ে যাওয়ায় বাসা-বাড়িতে গৃহস্থালির কাজেও বিপাকে পড়ছেন নারীরা। পঞ্চগড় শহরের মোলানীপাড়া এলাকার লাইলী ও জোৎস্না বেগম জানান, হিম শীতল বাতাস, আর কনকনে ঠান্ডা পানি বরফ হয়ে যাচ্ছে। এতে বাড়ির কাজকর্ম করতে হিমশিম খেতে হচ্ছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়ের তাপমাত্রা আবারও ১২ ডিগ্রি ঘরে নেমে গেছে। এতে কনকনে শীত অনুভূত হচ্ছে।
সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ৭ থেকে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তবে সামনের দিনে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।
