গাজীপুরে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন
ঘটনার পরপর চালক টের পেয়ে ট্রেন থামিয়ে বগি পুনরায় সংযুক্ত করে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঢাকাগামী চলন্ত ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের পেছনের দুটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার সকালে সোয়া ১০টার দিকে উপজেলার দড়িপাড়া এলাকায় টঙ্গী-ভৈরব রেলপথে এ ঘটনা ঘটে বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন।
রেলওয়ে বিভাগ জানায়, চলন্ত অবস্থায় ট্রেনটির পেছনের বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক খুলে গেলে ‘গ’ ও ‘ঘ’ বগি দুটি আলাদা হয়ে যায়। ঘটনার পরপর চালক টের পেয়ে ট্রেন থামিয়ে রেলওয়ে কর্মীরা বগি দুটি পুনরায় সংযুক্ত করে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, টঙ্গী-ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় ঘটনার সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি; তবে ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।
