২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় নববধূকে বাড়িতে রেখে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার

বিয়ের পরদিন আবু সালেম বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি বলে জানান স্বজনরা।

গাইবান্ধায় নববধূকে বাড়িতে রেখে নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার
আবু সালেম প্রধান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 09:42 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নববধূ বাড়িতে রেখে নিখোঁজ হওয়া শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পরদিন শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সাপগাছি-হাতিয়াদহ গ্রামের ইউক্যালিপটাস গাছের ডালের সঙ্গে লুঙ্গি দিয়া গলায় পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক।

নিহত আবু সালেম প্রধান (২৮) উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মধ্য মীরুপাড়া গ্রামের ইছাহাক প্রধানের ছেলে। তিনি বালুয়া ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার পারিবারিকভাবে আবু সালেম প্রধানের বিয়ে হয়। পরদিন সকালে তিনি বালুয়া বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনো সন্ধান পান নাই। 

এদিন দুপুরে ১২টার দিকে এলাকাবাসী করতোয়া নদীর ধারে কলাবাগানের ভেতর একটি গাছের ডালে আবু সালেমের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ওসি মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ব্যক্তিগত হতাশা বা অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।