Published : 19 Jul 2026, 06:33 PM
কথা কাটাকাটির জেরে নড়াইল শহরের একটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে অফিস সহকারীর বিরুদ্ধে।
রোববার দুপুরে কালেক্টরেক্ট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু জানান।
আহত প্রধান শিক্ষক মো. উজির আলীকে (৩৪) নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে।
ঘটনার পর থেকেই স্কুলের অফিস সহকারী রাকিব হোসেন অন্তর পলাতক আছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের বরাতে পুলিশ জানায়, দুপুরে অভিভাবকরা শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য আসেন। বেতন নেওয়ার দায়িত্ব পালন করছিলেন অফিস সহকারী রাকিব হোসেন অন্তর। কিন্তু তিনি বেতন না নিয়েই কয়েকজন অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন।
ঘটনাটি জানতে পেরে প্রধান শিক্ষক উজির আলী এসে অফিস সহকারীর কাছে এর কারণ জানতে চান। তখন রাকিব হোসেন অন্তত ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তখন প্রধান শিক্ষক সেই কক্ষ থেকে বেরিয়ে যেতে যান। সেই মুহূর্তে রাকিব হোসেন অন্তর প্রধান শিক্ষককে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করেন।
অন্য শিক্ষক ও অভিভাবকরা প্রধান শিক্ষককে উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করেন।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, “বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগী প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। রাকিব হোসেন অন্তরকে ধরতে অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”