Published : 15 Jan 2026, 03:25 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির স্মরণে তার শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আলোচিত হত্যার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। কিন্তু ওসমান হাদির হত্যাকারীদের এতদিনেও গ্রেপ্তার করা হয়নি। এটা মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে।
তাহলে আমরা ধরে নেব এই হত্যার পেছনে সরকারের হাত রয়েছে; যার কারণে বিচার ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে।
কোনো রকম তালবাহানা না করে ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।
নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, নলছিটি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, নলছিটি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন এবং প্রাক্তন ছাত্র মো. মিজানুর রহমান বক্তব্য দেন। পরিচালনা করেন আবু সালেহ।
আলোচনা সভা শেষে ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।