১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত সহিংসতা হলে নির্বাচন ‘ভন্ডুল’ হয়ে যাবে: সমাজকল্যাণ উপদেষ্টা

“আপনার এলাকায় যেন সহিংসতা না হয়, সেই জায়গাটাকে শান্ত রাখা আমাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব,” বলেন শারমিন এস মুরশিদ।

অতিরিক্ত সহিংসতা হলে নির্বাচন ‘ভন্ডুল’ হয়ে যাবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

নির্বাচনের আগে অতিরিক্ত সহিংসতা হলে তা ‘ভন্ডুল’ হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। 

তিনি বলেছেন, “নির্বাচনের পথে যদি অতিরিক্ত সহিংসতা হয় তাহলে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। ফলে সেটা যেন না হয়, সে কারণে পুলিশ প্রশাসনের সঙ্গে আপনাদেরকেও (জনগণ) এগিয়ে আসতে হবে।

“আপনার এলাকায় যেন সহিংসতা না হয়, সেই জায়গাটাকে শান্ত রাখা আমাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব।”

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সব রাজনৈতিক দল নির্বাচনের অপেক্ষায় আছে জানিয়ে শারমিন বলেন, “সবাই মিলে যদি আমরা নির্বাচনের মাঠটা শান্তিপূর্ণ করি, তাহলে আমাদের কাজটা করা সহজ হবে। আমি বহুবছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করেছি, তাই কথাগুলো বললাম।”

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, “আমাদের বাচ্চারা ফেরেশতার মতো আকস্মিকভাবে শয়ে শয়ে, হাজারে হাজারে, কোটিতে...এদেশের থেকে একটি চরম অত্যাচারী সরকার ব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা নির্মূল করেছে।

“সমাজের স্তরে স্তরে অন্যায় ও দুর্নীতিতে জর্জরিত। একটা স্তর যদি আমরা নির্মূল করে যাই, মনে রাখবেন আগামী নেতাদের জন্য আরও তিনটা স্তর আছে নির্মূল করার। এইটা করতে হবে। আমরা এইটা নিশ্চিত করতে না পারলে এই বাচ্চাদের প্রাণদান ব্যর্থ হবে।”

নতুন বাংলাদেশে নারী ও শিশুদের জন্য অন্তর্বর্তী সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান এ সমাজকল্যাণ উপদেষ্টা। 

উপজেলার রয়্যাল রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেন এবং পরিচালক খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. মহসিন মিয়া।