১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে সবুজের জন্য দৌড়ালেন ২০০ মানুষ

‘রান ফর গ্রিন’ ম্যারাথনে তরুণদের পাশাপাশি নানা বয়সের ও শ্রেণি-পেশার মানুষজন অংশ নেয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 06:12 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

সবুজ পৃথিবীর প্রত্যাশায় নোয়াখালীতে ম্যারাথনে দৌড়েছেন ২০০ মানুষ। 

‘প্রকৃতির প্রেরণায়, জলবায়ু সুরক্ষা, টেকসই ভবিষ্যতের প্রত্যয়’- স্লোগানে এই ম্যারাথন হয়।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় জেলা সদরের সোনাপুর ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু হয়ে সাড়ে সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে শেষ হয় এ ম্যারাথন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘রান ফর গ্রিন’ ম্যারাথনে তরুণদের পাশাপাশি নানা বয়সের ও শ্রেণি-পেশার মানুষজন অংশ নেয়। 

ম্যারাথনে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক ও একশনএইড বাংলাদেশের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও ব্যতিক্রমী এই ম্যারাথনের আয়োজন করে।

আয়োজক সংগঠন এসএইচবিওর নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং সবুজায়নের অভাবে মানবজীবন হুমকিতে পড়ছে। এজন্য সচেতনার বিকল্প নেই।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কিংবা পরিবেশ শুধু প্রকৃতির বিষয় নয়, এটি মানুষের স্বাস্থ্য, ভবিষ্যৎ প্রজন্ম এবং টেকসই জীবনের সঙ্গে সরাসরি জড়িত। তাই পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপের পাশাপাশি সচেতনতা তৈরি এবং তরুণদের সম্পৃক্ত করাই এ ম্যারাথন আয়োজনের মূল উদ্দেশ্য।

পরে ম্যারাথনে বিজয়ীদের সনদপত্র, প্রাইজ মানি ও পদক দেওয়া হয়।