Published : 16 Feb 2026, 10:56 PM
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
সোমবার রাত ৮টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার দাইরেরপুল এলাকায় রেলের পাত ভাঙা দেখতে পাওয়ার পর এ রুটে ট্রেন বন্ধ রাখা হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানায় ওসি আকতার হোসেন বলেন, কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইরেরপুলে স্থানীয়রা রেললাইনে ছয় ইঞ্চির মত পাত ভাঙা দেখতে পান। তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। সেখান থেকে স্থানীয় স্টেশন মাস্টার বিষয়টি জানতে পারলে রেলওয়ের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এ কারণে ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনে এবং মহুয়া কমিউটার মশাখালী স্টেশনে আটকে আছে বলে জানান তিনি।