Published : 25 Jan 2026, 09:15 PM
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় ব্যাটারিচালিত রিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হন।
রোববার বেলা সাড়ে ৫টায় পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী।
এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
ওসি মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনা কবলিত রিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বাস মুখোমুখি ধাক্কা দিলে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। শান্ত রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের তৃতীয় বর্ষের।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এক পুরুষ (৪০) ও এক নারী মারা যান। তবে প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহতরা হলেন- পুঠিয়ার আটভাগা এলাকার ময়নুল ইসলামের ছেলে মুকুল হোসেন (৩৫), সিংহপাড়ার মুশা মন্ডলের ছেলে মোজাম্মেল হক (৫০), পাবনার ঈশ্বরদী উপজেলার এরশাদ আলীর ছেলে রিফাত হোসেন (৩০), একই উপজেলার মোজাম্মেল হকের ছেলে রুহুল আমিন (৪০) ও দুই শিশু।
রামেক হাসপাতালে মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, “পুঠিয়া থেকে হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আরও ছয়জন আহত অবস্থায় এসেছেন। তাদের হাসপাতালের ৮ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে ঘটনার পর পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।
পুঠিয়া থানা পুলিশের ওসি ফরিদুল ইসলাম বলেন, অবরোধকারিদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।