Published : 26 Jan 2026, 11:02 AM
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে আটক করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বলে খবর পাওয়া গেছে।
কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন।
আহত পুলিশ সদস্য গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন মিয়াকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জোবায়েরের সমর্থক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। এতে চার পুলিশ সদস্য আহত হন।
ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ৪৫ বছর বয়সী জোবায়ের গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও।
১৪ বছর আগে উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এ পুলিশ কর্মকর্তা বলেন, “ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে। চেয়ারম্যান জোবায়েরসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”