Published : 19 Apr 2026, 01:18 PM
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৫ হাজার ৯৩৫ বোতল ‘নেশাজাতীয়’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাত ১১টার দিকে স্থলবন্দর সংলগ্ন পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
রোববার সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালায়।
আলম ট্রেডার্স স্টোন ইয়ার্ডটির অবস্থান সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ ভেতরে মক্কা স্কেলের পশ্চিম পাশে।
সেখানে পার্কিংয়ে থাকা একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের মধ্যে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
পরে বস্তাগুলো খুলে দুই ধরনের মোট ৫ হাজার ৯৩৫ বোতল সিরাপ পাওয়া যায়। এসব সিরাপ মূলত ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
অভিযানের সময় ট্রাকের চালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি। তবে মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়েছে।
সিএনএফ এজেন্ট আলম এন্ড সন্সের মাধ্যমে আসা পাথরগুলোর আমদানি কারক প্রীতম এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো. টুটুল।
ভারতীয় ট্রাকের বাংলাদেশে অবস্থান ও চালকের অনুপস্থিতির বিষয়ে আমদানি-রপ্তানি কারক আমিনুল ইসলাম বলেন, “সাধারণত ভারতীয় আমদানিকৃত পণ্যবাহী ট্রাক স্থলবন্দরের ডকইয়ার্ডের নির্দিষ্ট বেষ্টনীর ভেতরে মাল খালাস করে। তবে পাথরবোঝাই ট্রাক বেষ্টনীর বাইরের সীমান্তের নির্ধারিত এলাকার মধ্যে খালাস হয়।
“এছাড়া পণ্য খালাসের সময় ভারতীয় ট্রাক চালকরা নির্ধারিত এলাকার মধ্যে টোকেন পাস নিয়ে চলাচল করেন। তারা নিজেদের প্রয়োজনে এপার-ওপারও যাতায়াত করে থাকেন, এটাই প্রচলিত নিয়ম।”
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিবি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, গত তিন মাসে এ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন ধরনের মোট ১০ হাজার ৫৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
আগের সংবাদ
সোনামসজিদ সীমান্তে 'ফেন্সিডিলের বিকল্প' ৫৭৭ বোতল সিরাপ জব্দ, আটক ১