Published : 15 Apr 2026, 06:14 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৭৭ বোতল নেশাজাতীয় ‘এসকাফ ডিএক্স’ সিরাপ এবং প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে এক যুবককে।
শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় এবং শাহাবাজপুরের বালিয়াদিঘী এলাকায় মঙ্গলবার ভোরে এসব অভিযান চালানো হয় বলে বিজিবি-৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন।
আটক ২৬ বছর বয়সী আব্দুল্লাহ আল-আরাফাত শুভ নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “গোপন সংবাদে পিরোজপুর এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। সেখানে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে ২৮ বোতল ‘এসকাফ ডিএক্স’ সিরাপ উদ্ধার এবং গাড়ির চালক আল-আরাফাত শুভকে আটক করা হয়।”
“একই সময়ে বিজিবির আরেকটি দল বালিয়াদিঘী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল ‘এসকাফ ডিএক্স’ সিরাপ জব্দ করে।”
দুই অভিযানে মোট ৫৭৭ বোতল নেশাজাতীয় ‘এসকাফ ডিএক্স’ সিরাপ জব্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
এগুলো কি ধরনের সিরাপ জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এটা ফেন্সিডিলের অল্টারনেটিভ হিসেবে ভারত থেকে বাংলাদেশে আসছে। আমরা বিভিন্ন সময় এসব এই সিরাপগুলো আটক করেছি।”
আটক ব্যক্তি, জব্দ সিরাপ ও গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে তাদের অভিযান নিয়মিত চলবে।
‘এসকাফ ডিএক্স’ সিরাপ প্রসঙ্গে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “এটা মাদক হিসেবে বাংলাদেশে আসছে বলে আমরা জেনেছি। কিন্তু এই সিরাপে কি উপদান আছে সেটা ল্যাবে টেস্টে করলে জানা যাবে।”