১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই প্রধান লক্ষ্য: প্রতিমন্ত্রী

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই প্রধান লক্ষ্য: প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 05:03 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

দেশের বন্ধ থাকা টেক্সটাইল ও জুট মিলগুলো চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

রোববার সকালে নীলফামারী সদর উপজেলার ‘দারোয়ানী টেক্সটাইল মিল’ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

শরীফুল আলম বলেন, “বন্ধ মিলগুলো-বিশেষ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন টেক্সটাইল ও জুট মিল-পুনরায় চালুর জন্য সরেজমিন পরিদর্শন করা হচ্ছে। আমাদের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী সারাদেশের বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু করতে আমরা কাজ করছি।

তিনি বলেন, “বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি আমাদের প্রধান লক্ষ্য। এতে দেশের অর্থনীতি, বিশেষ করে জেলা পর্যায়ের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হবে।”

দারোয়ানী টেক্সটাইল মিল প্রসঙ্গে তিনি বলেন, “মিলটি বর্তমানে বন্ধ থাকলেও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে এবং একটি ভালো বিনিয়োগকারীও পাওয়া গেছে।

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মিলটিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

পাট খাতের উন্নয়ন নিয়েও নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী বলেন, “সোনালি আঁশ পাট আমাদের ঐতিহ্য। হারিয়ে যাওয়া সেই গৌরব ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।” 

পাট জাগ দেওয়ার জন্য পানির সংকট নিরসনে খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে বলেও জানান তিনি।

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শনে মো. শরীফুল আলম।

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শনে মো. শরীফুল আলম।

এছাড়া পাট চাষিদের প্রযুক্তিগত সহায়তা, উন্নত বীজ উদ্ভাবন এবং উৎপাদন বৃদ্ধি করতে গবেষণার ওপর 

গুরুত্বারোপ করেন তিনি।

প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে মানুষকে পাটের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পোড়ারহাট কীর্তুনিয়াপাড়ায় অবস্থিত ‘ক্লাসিকাল হ্যান্ডমেড প্রডাক্ট বিডি লি.’ কারখানাও পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুর লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম ফয়জুল ইসলাম।