Published : 31 Aug 2025, 02:39 PM
জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে নেত্রকোণা সদরে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার রাতে দুই ঘণ্টার ব্যবধানে উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
নিহতরা হলেন- দুজাহান মিয়া (৪৮) ও নূর মোহাম্মদ (৩০)।
মৌগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দুজাহান মিয়া ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে এবং বর্তমান ইউপি সদস্য জসুমা আক্তারের স্বামী। নূর মোহাম্মদ একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
আহত রফিক মিয়াও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, প্রায় দুই বছর আগে একই এলাকার আমজাদ জমি বিক্রির কথা বলে দুজাহান মিয়ার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। কিন্তু জমির দলিল করা নিয়ে টালবাহানা শুরু করেন আমজাদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল।
ওসি বলেন, জেলা বিএনপির সম্মেলন শেষে শনিবার রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন ওয়ার্ড বিএনপির নেতা দুজাহান মিয়া। পথে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরই জেরে রাত সাড়ে ১০টার দিকে দুজাহান মিয়ার পক্ষের লোকজনের হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমজাদের পক্ষের নূর মোহাম্মদ ও রফিক মিয়া।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। অপর আহত রফিক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি কাজী শাহ্ নেওয়াজ আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।