Published : 08 Jul 2026, 11:05 AM
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর বাসের চালকসহ অন্তত ২০ যাত্রী।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
নিহত ব্যক্তি ইউনিক পরিবহনের বাসের চালক, তবে তার নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অপরদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। গুরুতর আহত হন লাকি পরিবহনের বাসচালকসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী।
পরে স্থানীয় লোকজন, বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত লাকি পরিবহনের বাস সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, নিহত বাসচালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।