১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে ইজিবাইকের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

চায়ের দোকানে নাস্তা শেষে বাড়ি ফিরছিলেন প্রণব বড়ুয়া পল্টু।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 02:08 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

কক্সবাজারের রামু উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রামু-মরিচ্যা আন্তঃসড়কের তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহত প্রণব বড়ুয়া পল্টু (৬৫) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকূল এলাকার মৃত গান্ধী বড়ুয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি ইমন বলেন, সকালে তেমোহনী স্টেশনে চায়ের দোকানে নাস্তা শেষে বাড়ি ফিরছিলেন প্রণব বড়ুয়া পল্টু। এক পর্যায়ে উপজেলা সদরের চৌমুহনীর দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

কিন্তু চট্টগ্রাম নেওয়ার পথে বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার চুনতি এলাকায় প্রণব বড়ুয়া পল্টু মারা যান বলে জানান ওসি।

তিনি আরও বলেন, “নিহতের মরদেহ রামুতে আনা হচ্ছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”