Published : 11 Jan 2026, 02:22 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে; যিনি পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত বলে বাহিনীর সদস্যরা জানিয়েছেন।
পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওইদিন বিকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন জানিয়েছেন।
গ্রেপ্তার ৩৬ বছর বয়সী লেলিন সাহা টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাটগাতী গ্রামের পরিমল সাহার ছেলে।
টুঙ্গিপাড়া থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
পরদিন ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন থানার এসআই রাব্বি মোরসালিন।
গ্রেপ্তারের আগে শনিবার বেলা ১২টার দিকে ‘শারীরিক অসুস্থতা’ ও ‘ব্যবসায় ক্ষতির’ কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন।
এসআই মনির হোসেন বলেন, “গত বছরের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
“সেই ঘটনার তদন্তে লেলিনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তারপর থেকেই আত্মগোপনে ছিলেন এ যুবলীগ নেতা। গ্রেপ্তার এড়াতে অন্যান্য দলের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করেছিলেন তিনি।”
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যুবলীগ নেতা লেলিন পৌর মাল্টিপারপাস মার্কেটে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছেন। সেখান থেকে বের হলেই তাকে গ্রেপ্তার করা হয়।”