Published : 08 Apr 2026, 03:00 PM
জননিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে নিরলস কাজ করার আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা) ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেছেন, “একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব হল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।”
তিনি বলেন, “বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রশিক্ষণে অর্জন করা জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের আধুনিক ও যুগোপযোগী রাখার জন্য শিক্ষানবিশদের পরামর্শ দেন পুলিশের এ মহাপরিদর্শক।
প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি আলী হোসেন ফকির বলেন, “তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছ, যার মূলমন্ত্র হলো-সেবাই ধর্ম।
“মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার মূল্যবোধ ধারণ করেই তোমরা এগিয়ে যাবে। আমি আশা করি, তোমরা দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে।”

এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এবারের প্যারেডে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন; তাদের মধ্যে পাঁচ জন নারী সদস্য রয়েছেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।