১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে আরও ৬৭ জন

৮৪৪ জনের ফলের গ্রেড পরিবর্তন হয়েছে। অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১৯০ জন ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 01:38 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে আরও ৬৭ জন জিপিএ-৫ পেয়েছেন। অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১৯০ জন । 

রোববার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ বলেন, এসএসসির ফল প্রকাশের পর কুমিল্লা বোর্ডে মোট ৩৫ হাজার ৫৩১ পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। তার মধ্যে ৮৪৪ জনের ফলের গ্রেড পরিবর্তন হয়েছে। 

গত ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পরিবর্তনের জন্য এসব আবেদন নেওয়া হয়। 

নিরীক্ষণের আগে ২০২৫ সালের কুমিল্লা বোর্ডের এসএসসির ফলাফল বিবরণীতে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বমোট এক লাখ ৬৭ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে পাস করে এক লাখ ৬ হাজার ৫৮১ জন। অর্থাৎ পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ।

এই হার ছিল আগের বছরগুলি থেকে কম। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ; ২০২৩ সালে ৭৮ দশমিক ৪২ শতাংশ।

বরাবরের মতো এ বছরও ফলাফলে মেয়েরা ছিল এগিয়ে। মেয়ে পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৬২০ জন। পাশ করেছে ৬২ হাজার ৮০১ জন। অন্যদিকে ছেলে শিক্ষার্থী ছিল ৭০ হাজার ২০৩ জন। পাশ করেছে ৪৩ হাজার ৭৮০ শিক্ষার্থী। 

চলতি বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিও কমেছে। ২০২৪ সালে এ বোর্ডে জিপিএ-৫ পান ১২ হাজার ১০০ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন, যা পুনর্নিরীক্ষণের পর আরও ৬৭ জন বেড়েছে। 

তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ৯ হাজার ৪৬৩ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ১৪৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পান ২৯৬ জন।

এ বছর পাশের হার সবচেয়ে কম গণিত বিষয়ে। এ বিষয়ে অংশগ্রহণ করেছে ১ লাখ ৬৭ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। কিন্তু পাশ করেছে ১ লাখ ২০ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। পাশের হার ৭২ দশমিক ০১ শতাংশ।

এদিকে, এবার কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান৷ একেবারে কেউই পাশ করেনি এমন প্রতিষ্ঠান একটি৷