কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে চিওড়া ইউনিয়নের নগর শরীফ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হল-ওই গ্রামের বাসিন্দা এবং লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা ইয়াসমিন (৯) ও চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১০)।
লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলমও তাদের মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময়েও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা। পরিবার চাইলে প্রয়োজনে আইনগত সহায়তা দেওয়া হবে।”
