১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জের ঘরে ঢুকে প্রবাস ফেরত নারীকে হত্যা, মালামাল লুট

গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বাড়িতে বেড়াতে এসেছিল।

মানিকগঞ্জের ঘরে ঢুকে প্রবাস ফেরত নারীকে হত্যা, মালামাল লুট
ঘিওর থানা

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 10:49 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

মানিকগঞ্জের ঘিওরে প্রবাস ফেরত এক নারীকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে।  ডাকাতরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্বজনদের।  

সোমবার গভীর রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম।

নিহত রাশিদা বেগম (৫৫) জর্ডান প্রবাসী ছিলেন। 

স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং একমাত্র মেয়ে জর্ডানে থাকায় পশ্চিম বাইলজুড়ী গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বাড়িতে বেড়াতে এসেছিল। 

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, প্রায় ২৫-৩০ বছর আগে স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রাশিদার। পরে জীবিকার তাগিদে তিনি জর্ডান যান এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে আসেন। 

তার গ্রামের বাড়ি ঘিওরের কুমুরিয়ায় হলেও সাত বছর আগে পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে নিজ বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

নিহতের ভাইয়ের মেয়ে ও স্থানীয়দের বরাতে এ জনপ্রতিনিধি বলেন, “ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট করে মালামাল নিয়ে যায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগমকেও হত্যা করে তারা।” 

এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি। 

পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ডাকাতি না অন্য কোনো ঘটনা তদন্ত শেষে বলা যাবে।”