Published : 18 Mar 2026, 04:25 PM
ঈদের ছুটিতে যমুনা সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এ সেতু দিয়ে একদিনে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে।
সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
“অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।”
তিনি বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো কোনো যানজট সৃষ্টি হয়নি। রাতে একাধিক গাড়ি সেতুর উপরে বিকল হয়েছিল। তখন একটু ধীরগতি ছিল।”
ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে বলে যমুনা সেতু সাইট অফিসের এ নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন।
সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “এর মধ্যে দুপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে।”