Published : 25 Feb 2026, 05:10 PM
রংপুর নগরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে নগরের পৌরবাজারে চালানো এ অভিযানে বিভিন্ন অভিযোগে একাধিক ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রংপুর ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক জাঙ্গীর আলম।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এ জরিমানা করা হয় বলে জানান তিনি।
জাঙ্গীর আলম জানান, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর পাশাপাশি সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এর ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমন অভিযানকে স্বাগত জানিয়ে উপস্থিত ক্রেতারা বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।
বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।