১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইলিশ রক্ষার অভিযানে শরীয়তপুরে এসিল্যান্ড-মৎস্য কর্মকর্তার ওপর হামলাচেষ্টা

“ট্রলার জব্দ করে ফেরার পথে বেশকিছু লোক আমাদের উপর চড়াও হয়ে হামলার চেষ্টা চালায়। তবে কৌশলে ট্রলার নিয়ে সেখান থেকে চলে আসি।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মেঘনা নদীতে অভিযানে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর এলাকায় মোস্তফা ঢালির খালের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে বলে জানান গোসাইরহাট উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকদিন ধরে কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীদের সমন্বয়ে নদীতে মাছ শিকার করে আসছিল। 

সকালে মাছ বিক্রির গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব। অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা ট্রলারে মাছ নিয়ে মেঘনার শাখা নদী মোস্তফা ঢালির খাল হয়ে সরিয়ে ফেলে।

পরে প্রশাসন ও মৎস্য বিভাগ ট্রলারটি জব্দ করে নিয়ে আসার সময় তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য কর্মকর্তা কৌশলে সেখান থেকে চলে যান।

মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে চর জালালপুর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মেঘনায় মাছ শিকার করে বিক্রি করে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালাই। তবে টের পেয়ে মাছ সরিয়ে ফেলেন তারা।

“ট্রলার জব্দ করে ফেরার পথে বেশকিছু লোক আমাদের উপর চড়াও হয়ে হামলার চেষ্টা চালায়। তবে কৌশলে ট্রলার নিয়ে সেখান থেকে চলে আসি।”