Published : 17 Jul 2025, 02:17 PM
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেছে দুজনের। এ সময় পুলিশসহ আহত হয়েছেন সাতজন।
বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান জানান, আগের রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ি গৌরাঙ্গ বাজারের আব্দুস সামাদের ছেলে মো. আলমগীর হোসেন (৪০) ও জামালপুরের মোকন্দবাড়ি হাজিপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে আশরাফুল (৪২)।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়দরগা হাইওয়ে থানার কনস্টেবল মিজান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসযাত্রী শাহাদ ও আব্দুল হামিদ।
মিজানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রংপুর ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি।
সহকারী পুলিশ সুপার বলেন, “ঢাকা থেকে রংপুরগামী মালবোঝাই এক ট্রাক বিশমাইল এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ সদস্যরা ট্রাকটি সরিয়ে নেওয়ার জন্য চালককে ডাকাডাকি করছিলেন।
“তখনই জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
তিনি বলেন, দুর্ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ও বাস উদ্ধার করে পুলিশের হেজাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।