Published : 24 Feb 2025, 04:09 PM
সাভারের একটি ডাইং কারখানার গুদামে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সাভার থানা স্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ‘পাকিজা ডাইং অ্যান্ড প্রিটিং’ কারখানার গোডাউনে সোমবার সকাল ৮টার দিকে আগুন লাগে বলে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।
“কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে চামড়া শিল্প নগরী থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে কাজে যোগ দেয়। টানা দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামে থাকা কাপড় ও কার্টুন পুড়ে যায়।”
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে হতাহতের কোনো তথ্য নেই।”
এ বিষয়ে পাকিজা ডাইং অ্যান্ড প্রিটিং ইন্ডাস্ট্রিজ কারখানার কারো বক্তব্য পাওয়া যায়নি।