১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় তীব্র শীতে একদিন বিদ্যালয় বন্ধ

তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে।

নওগাঁয় তীব্র শীতে একদিন বিদ্যালয় বন্ধ

নওগাঁর একটি প্রাথমিক বিদ্যালয়ে থাকা শিক্ষার্থীরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 09:39 PM

Updated : 21 Jan 2024, 09:39 PM

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একদিন পাঠদান বন্ধ রাখা হয়েছে। 

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সোমবার বিদ্যালয় ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। 

তারা আরও বলেন, এই কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে। 

রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বদলগাছী আবহাওয়া অফিস। 

এদিকে তীব্র শীতে জবুথবু ও অসহায় হয়ে পড়েছে মানুষ। ঘন কুয়াশার কারণে সকাল ১০টা পর্যন্ত যানবাহন চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় ও কাজ করতে না পারায় আয় কমেছে রিকশা- ভ্যান চালক ও দিনমজুরদের। 

সন্ধ্যার আগেই জনশূন্য হয়ে পড়ছে জেলার রাস্তাঘাট। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্ট পোহাতে হচ্ছে দিনমজুর, কৃষিশ্রমিক এবং ছিন্নমূল মানুষজনকে। 

ইতোমধ্যে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহর প্রভাব পড়ছে কৃষিতে। চলতি মৌসুমের ইরি-বোরোর বীজতলা লালবর্ণ ধারণসহ নষ্ট হয়ে যাচ্ছে। নানা রোগ বালাইয়ের শিকার হচ্ছে আলু, সরিষাসহ রবিশস্য। 

শীত দীর্ঘায়িত হলে ফসলের আরও ক্ষতির শঙ্কা করছেন চাষিরা।