১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁ যাবেন জামায়াত আমির, দাঁড়িপাল্লার ভোটব্যাংক ‘শক্তিশালী’ হওয়ার প্রত্যাশা

“বৃহস্পতিবারের এ সভাকে জনসমুদ্রে পরিণত করতে জেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি চলছে।”

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 04:28 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নওগাঁয় যাচ্ছেন। 

দলীয় প্রধানের এই সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

তাদের প্রত্যাশা, শফিকুর রহমানের উপস্থিতি জামায়াত জোটের পক্ষে ব্যাপক জনমত তৈরি করবে। সেই সঙ্গে নির্বাচনি মাঠে আনবে ‘নতুন গতি’। 

নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সাদাত মো. সায়েম জানান, জেলা জামাতের আমির আব্দুর রাকিব এ সভায় সভাপতিত্ব করবেন। 

বৃহস্পতিবার সকাল ৯টায় শফিকুর রহমান হেলিকপ্টারে করে নওগাঁ স্টেডিয়ামে নামবেন। বেলা ১১টায় শহরের এটিম মাঠে অনুষ্ঠিত হবে জামায়াতের নির্বাচনি জনসভা। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির। 

সায়েম বলেন, “বৃহস্পতিবারের এ সভাকে জনসমুদ্রে পরিণত করতে জেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি চলছে। মাঠ সাজানো, মঞ্চ প্রস্তুতি, নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থায় চলছে শেষ মুহুর্তের ব্যস্ততা। প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন দলের স্থানীয় শীর্ষ নেতারাও। পুরো শহরে এখন সাজ সাজ রব।” 

তিনি বলেন, “দলীয় প্রধানের এই জনসভা দাঁড়িপাল্লার ভোট ব্যাংককে আরও শক্তিশালী করবে। সেই সাথে সাধারণ ভোটারদের মাঝেও নতুন আগ্রহ তৈরি করবে বলে আশাবাদী সব নেতাকর্মীরা।” 

এই জনসভায় সাধারণ ভোটারদেরও ব্যাপক উপস্থিতি হবে বলে আশা জামায়াত নেতাদের। শফিকুর রহমানের বার্তা শুনতে নওগাঁর তরুণ ভোটাররাও মুখিয়ে আছেন বলে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। 

এদিকে জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম।