Published : 19 Aug 2025, 09:37 PM
দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অধিভুক্ত কলেজগুলোর ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ পাবে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ও ডেটা সায়েন্সের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
সেজন্য খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, অধিভুক্ত কলেজে ক্যারিয়ার ক্লাব গঠন এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ও সাইবার সিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উপাচার্য আমানুল্লাহ আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি ও একাধিক ভাষায় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্নাতক, স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর শ্রেণির সিলেবাস সংস্কার এবং আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে সোমবার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত প্রোগ্রামে এসব কথা বলেন তিনি।
গ্রামীণফোনের সহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ যৌথভাবে আয়োজিত এ কর্মসূচিতে ভার্চুয়ালি সারাদেশের নয় শতাধিক কলেজ যুক্ত হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ বলেন, “শিক্ষার্থীদের সততা ও সাহসিকতার সবচেয়ে বড় উদাহরণ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান।”
এই চেতনা ধরে রেখে দেশ ও জাতি গঠনে নতুন শিক্ষার্থীদের নিজেদের দক্ষ জনবল হয়ে ওঠার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, “বর্তমান জীবনযাত্রায় তথ্যপ্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। তবে সাইবার বুলিং থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।”
ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মিসেস রানা ফ্লাওয়ার্স বলেন, “ইউনিসেফ ও ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগের গর্বিত অংশীদার হিসেবে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ তরুণদের এমন দক্ষতা, যোগাযোগ ও সুযোগ প্রদানে, যা তাদের সফলভাবে কর্মক্ষেত্রে প্রবেশে সহায়তা করবে।”
ওরিয়েন্টেশন অধ্যাপক আমানুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া শহীদ ও আহতদের স্বজনদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ করে দেওয়া হয়েছে। জুলাই শহীদদের স্মরণে কলেজ শিক্ষার্থীদের বৃত্তিও প্রদান করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন মো. আশেক কবির চৌধুরী, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহানারা জামান।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর লুৎফর রহমান ও মো. নূরুল ইসলাম, ট্রেজারার এ টি এম জাফরুল আযম উপস্থিত ছিলেন।
পরে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।