জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার তারিখ পরিবর্তন
৮ অক্টোবর অনুষ্ঠিতব্য বিষয়ের পরীক্ষা ২৬ অক্টোবর এবং ৯ অক্টোবরের পরীক্ষা ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবকাশকালীন ছুটি ঘোষণা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান
তিনি বলেন, দূর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি দিয়েছে।
সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচী অনুযায়ী ৮ অক্টোবর অনুষ্ঠিতব্য অর্থনীতি, উদ্ভিদ বিজ্ঞান, এপ্লাইড হোম ইকোনোমিক্স বিষয়ের পরীক্ষা ২৬ অক্টোবর এবং ৯ অক্টোবর অনুষ্ঠিতব্য সমাজবিজ্ঞান, সমাজকর্ম বিষয়ের পরীক্ষা ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া গত ১৯ আগস্ট প্রকাশিত সময়সূচী অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে।
একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করেন এই কর্মকর্তা।
