নারায়ণগঞ্জে প্রাথমিকে বই পড়ার অভ্যাস গড়তে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’
উপজেলা প্রশাসন জানিয়েছে, ছোট ছোট শিক্ষার্থীর মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এই পদক্ষেপ।
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও সৃজনশীলতার বিকাশে নারায়ণগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগারটির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, পাঠ্যবইয়ের পাশাপাশি নানাবিধ জ্ঞানমূলক বই পড়ার সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোমলমতি শিশুদের আকৃষ্ট করতে পাঠাগারটি রঙিন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ চালু করা হবে। ছোটবেলা থেকেই শিশুদের জ্ঞানভিত্তিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ পদক্ষেপ।
