Published : 21 Jun 2026, 03:09 PM
টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের পোষ্ট অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে তা বড় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন বলেছেন, “আওয়ামী লীগের ঝটিকা মিছিলটি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু কাউকে পাওয়া যায়নি।”
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঝটিকা মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি রুহুল আমিন জানিয়েছেন।