০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত, আহত ৫

জরুরি বিভাগের চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

টেকনাফে ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত, আহত ৫
নাজির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 09:50 AM

Updated : 19 Sep 2026, 02:32 PM

কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম। 

নিহত নাজির হোসেন (৪৭) ওই এলাকার ফজল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ শহরের স্টেশন বাজার কমিটির নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আহতরা হলেন, মো. সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর। তাদের কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, একটি দোকানে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে অস্ত্র, কিরিছ ও ছুরি নিয়ে হামলা চালানো হয়। এ সময় নাজির হোসেনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর আমেনার অভিযোগ করে বলেন, আরিফের নেতৃত্বে একটি অস্ত্রধারী দল এ হামলা চালিয়েছে। তিনি স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মুহাম্মদ শাহীদ বলেন, নাজির হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।